রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭

ম-বর্ণ-৩ অসীম সাহা



















ম-বর্ণ-৩
অসীম সাহা
বাতাসের প্ররোচনা পেয়ে পেয়ে তিনটি ব্যঙ্গাত্মক কবিতা হেঁটে গেলে
আদর্শলিপির পাতা থেকে ঝরে পড়ে ম-বর্ণের সোনালি পেখম।
ধারালো খুরের ঘায়ে নেশাগ্রস্ত মাতালের ঘুম ভাঙলে
গাওয়া হয় ফেরারি গজল। জয়পুর পার হয়ে দিল্লির পথে পথে
ঠুমরির ঘুঙুরগুলো ফেলে যায় শাবানা ডাগর।

জাবর কাটতে থাকে ব্যাকরণ, ছন্দের বারান্দা থেকে নেমে এসে
শঙ্খ ঘোষ মসৃণ রেলিং জুড়ে এঁকে দেয় পয়ারের অভিনব দোলা।
মহুয়ার ফুলে ফুলে ঘাড় কাৎ করে করে দোল খায় মাধবী-মল্লিকা।
এ কেমন ছায়াচ্ছন্ন রাত? অন্ধকারে শরীরের হেলানো চাবুকে
মসৃণ হচ্ছে যেই নিতম্বের দোলা, জোনাকির পশ্চাতে
প্রাচীন যুগের এক অ্যামিবা-ই জ্বলে উঠে নীল করে তুলছে করোটি!
এরই মধ্যে কালি ও কলম হাতে সীতানাথ বসাকের অযাচিত
বর্ণের প্রলোভন উনবিংশ শতাব্দীর ইতিহাসে মেখে দিচ্ছে
গলিত শিশার স্রোত। তারই মাঝে নেংটি ইঁদুরের মতো
দোল খাচ্ছে আরো এক ম-বর্ণের প্রবল ভ্রূকুটি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন