নন্দিনী ফুল
কবি নির্মলেন্দু গুণ
আগে কোথাও কখনও দেখিনি-,
এমন একটা ফুল আমার ইনবক্সে পাঠিয়ে
নন্দিনী একটা নোট লিখেছে ফুলের তলায়--
"আপনি তো ফুল অনেক ভালোবাসেন,
অনেক ফুল দেখেছেন, অনেক ফুল চেনেন,
বলেন তো-- এটা কী ফুল?"
জানি, সময় নেবার মতো সময় আমার নেই।
তাই একটুও সময় না নিয়েই আমি বললাম,
"এই ফুল তুমি কোথায় পেলে?
এই ফুল তো শতবর্ষে একটা মেলে।
এর নামই তো নন্দিনী ফুল।"
নন্দিনী বললো, "না, সত্যি করে বলেন।"
আমি বললাম, "বাগান কি তার সবগুলি ফুল চেনে?
সত্য নামটা বলি যদি, তবেই হবে ভুল।"
নয়াগাঁও
২৭ মার্চ ২০১৭


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন