রক্ত মূল্য
মোঃ জুলফিকার আলী জিল্লুর
তুমি আজো দ্যাখো, চেয়ে দ্যাখো
সাদা শাড়ি পড়া জরিনার বিধ্বস্ত রুপ
ক্লান্তময় ঋতুবতী রমনীর বিধির স্বরুপ।
শুক্রচাচার পা -হীন অবিরাম ক্লান্ত পথচলা
তমিনা ফুপুর বোবা মুখে আ-আ কথা বলা।
তুমি আজো দ্যাখো,চেয়ে দ্যাখো
পিতাহীন সন্তান বুকে পুষে এতিমের শোক
মাতাহীন কন্যার ছন্দবিহীন বেদনার শ্লোক।
বিরহী বধুর স্বপ্নহারা বিদিশায় পাগলীর বেশ
ধর্ষিতা বোন ফিরেনি আজো বেমালুম নিরুদ্দেশ।
তুমি আজো দ্যাখো,চেয়ে দ্যাখো
শহীদের হাড় ঝন ঝনিয়ে বাজে গনকবরের পাশে
পিতার ঝাঝড়ি বুক অশ্রুর স্মৃতি নদী হয় ভাসে।
দাউদাউ করে জ্বলে গ্রাম মায়ের ছোট্ট শিশু
হারিয়েছে পাওয়া না পাওয়া যা ছিল সবই কিছু।
তুমি আজো দ্যাখো,চেয়ে দ্যাখো
রক্তের ঘ্রাণ ভরে দ্যায় সবুজের বুক
পাইনি বলেনি যেনো পেয়েছে বুক ভরা দুখ।
শহীদি রক্তস্রোত শুকিয়েছে কি পদ্মা যমুনা?
সুখ ফিরে এসো তুমি! ফিরিয়ে দাও ঠিকানা।
তুমি আজো দ্যাখো,চেয়ে দ্যাখ
বিধবার আঁচলে আছে মানচিত্র ভরা গ্লাসে অশ্রুজল
পাওনা পাইনি কিছু যা চেয়েছি সবিই বিফল।
হাসির আড্ডায় হেসে শুধু বাড়িয়ে তুলি দেনা
বলতে চাইনি রক্তমুল্যে তুমি তো হয়েছো কেনা!
